ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন হলো শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কর্মসূচি। এই ক্যাম্পেইনের আওতায় সাধারণত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বছরে দুবার উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়। এটি শিশুদের অপুষ্টি দূর করতে এবং সুস্থ-সবলভাবে বেড়ে উঠতে দারুণ ভূমিকা পালন করে।
আজ রবিবার (২৮ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে মোট ৩ হাজার ৬৪৪টি কেন্দ্রে ও সিটি কর্পোরেশন এলাকায় ২৩৮টি কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। সেখানে ৬-১১ মাস বয়সী ৯২ হাজার ৭৮৪ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ৮ লাখ ৩৭ হাজার ৯৮৭ জন শিশু এবং সিটি কর্পোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৫২২ জন শিশু ও ১২-৫৯ মাসের ৫৮ হাজার ৯৬০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ভারপ্রাপ্ত ডাঃ ফয়সল আহমেদ।