মনিরুজ্জামান, ময়মনসিংহ ১৮ মার্চ ২০২৬ ০৮:৫৯ পি.এম
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে জনশূন্য হয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস। নাড়ির টানে শিক্ষক-শিক্ষার্থীরা প্রিয়জনদের কাছে ফিরে যাওয়ায় ক্যাম্পাসের ডরমেটরি ও রাস্তাঘাট এখন নীরব। তবে এই নীরবতার মাঝে বিপাকে পড়েছে ক্যাম্পাসের সেইসব অবলা প্রাণী যারা মূলত শিক্ষার্থীদের ফেলে দেওয়া খাবারের ওপর নির্ভরশীল ছিল। এই সংকটময় মুহূর্তে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।
আজ বুধবার (১৮ মার্চ) ক্যাম্পাসের সকল প্রাণীদের মুখে খাবার তুলে দেন এই নেতা। যখন সবাই আপনজনের টানে ঘরে ফিরেছে, ঠিক তখনই ক্যাম্পাসের এসব অভুক্ত ও নীরব প্রাণীদের খাবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। আতিকুর রহমানের এই ব্যতিক্রমী উদ্যোগে ঈদের ছুটিতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের মাঝে নিয়মিত খাবার বিতরণ করা হচ্ছে। এই মহতী উদ্যোগ সম্পর্কে আতিকুর রহমান বলেন, মানুষ তার কষ্টের কথা বলতে পারে কিন্তু এই বাকরুদ্ধ প্রাণীরা অভুক্ত থাকলেও কিছু বলতে পারে না। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই এই উদ্যোগ। এই কাজটিকে শুধু একটি রাজনৈতিক বা সামাজিক দায়িত্ব নয়, বরং সকল প্রাণের প্রতি মানবিক দায়বদ্ধতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ঈদের আনন্দ যখন ঘরে ঘরে, তখন ক্যাম্পাসের এসব অবলা প্রাণীদের মুখে অন্ন তুলে দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ছাত্রনেতা। তার এই উদ্যোগ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ও সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। সহমর্মিতার এই বার্তা ছড়িয়ে পড়ুক সবখানে এবং গড়ে উঠুক সকল প্রাণের প্রতি ভালোবাসাময় এক পৃথিবী—এমনটাই প্রত্যাশা সকলের।